ম্যাথ ক্লাস, নাকি গল্পের বই?
কলেজে থাকতে সেকেন্ড ইয়ারের শুরুতে জে.কে. রোলিং এর হ্যারিপটার সিরিজ পড়া শুরু করেছিলাম। চারমাস পর কলেজে সেন্ট আপ-২ পরীক্ষা। সে হিসেবে পরীক্ষা তখনো 'দিল্লী বহুদূর'। ভাবলাম, প্রতিদিন ২০ পৃষ্ঠা করে পড়লে মন্দ হয় না। প্রায় দুই-তিন সপ্তাহ লেগেছিলো সিরিজের প্রথম বইটা শেষ করতে।

কলেজে থাকতে সেকেন্ড ইয়ারের শুরুতে জে. কে. রাওলিং-এর হ্যারি পটার সিরিজ পড়া শুরু করেছিলাম। চার মাস পর কলেজে সেন্ট আপ-২ পরীক্ষা। সে হিসেবে পরীক্ষা তখনো 'দিল্লি বহুদূর'। ভাবলাম, প্রতিদিন ২০ পৃষ্ঠা করে পড়লে মন্দ হয় না। প্রায় দুই-তিন সপ্তাহ লেগেছিল সিরিজের প্রথম বইটা শেষ করতে। বেশ চিকন। এরপর দ্বিতীয় বই। এরপর যতদিনে আমি প্রিজনার অফ আজকাবান পড়া শুরু করলাম, ততদিনে আমি আধপাগল।
কলেজের পারফরম্যান্স কমে গেল। বন্ধুরা ভাবা শুরু করল আমি নতুন গার্লফ্রেন্ড পেয়েছি। গার্লফ্রেন্ডও ভাবা শুরু করল আমি নতুন গার্লফ্রেন্ড পেয়েছি। হোস্টেলে রাতে খাবারের সময় পার হয়ে যেত, কলেজেও দু-একটা ক্লাস মিস হয়ে যেত। প্রায়ই কমনরুমে পড়ে থেকে প্র্যাকটিক্যাল লিখতাম, যেগুলো বাসায় বসে লেখার কথা ছিল। কিন্তু সত্যি বলতে ঐ সময়টা বেশ অন্যরকম সুন্দর ছিল। মাঝে মাঝে বইগুলো পড়া শেষ হয়ে যাচ্ছে দেখে হা-হুতাশ করতাম।
পরীক্ষার যখন আর দুই মাস বাকি, তখনও আমার ডিফারেন্সিয়েশন-ইন্টিগ্রেশন শুরু হয়নি। ম্যাটল্যাব ক্লাসে যখন সবাই সাইন ২এক্স (sin 2x)-এর গ্রাফ মেলাতে ব্যস্ত, তখন আমার মাথায় হগওয়ার্টসের শেষ যুদ্ধ চলছে। অসহায় দৃষ্টিতে পেছনের বন্ধু মইনুরকে বললাম, "আজকেও এঁকে দে, বায়োলজির দিনটা আমি দেখব ইনশাআল্লাহ্।" গ্রাফ পেপার নিতে নিতে ওর উত্তর: "হ ভাই, তুই বাইরের গাছই দেখ।"
তখন সেন্ট আপ-২ পরীক্ষার মাত্র এক মাস বাকি। এটাই অন্যান্য কলেজের হিসেবে টেস্ট পরীক্ষা। সেই প্রথম দিন থেকে প্রায় আড়াই মাস লেগেছে হগওয়ার্টসের দুনিয়ায় পুরো অ্যাডভেঞ্চার শেষ করতে। শেষে পরীক্ষাটা ইন্টিগ্রেশন শেষ না করেই দিয়েছিলাম। কী আর করার।
…
সাধারণত সব ধরনের বইয়ে এভাবে দুই সপ্তাহে আপনি বা আমি কেউই ৪০০ পৃষ্ঠার বই শেষ করব না। আসলে বলা যতটা সহজ, এভাবে বই শেষ করা অতটা সহজ না। তাই এ ক্ষেত্রে কোনো বড় বই পড়া শুরু করতে চাইলে ধীরে ধীরে পড়া শুরু করা উচিত; লক্ষ্য থাকবে প্রতিদিন যেন ঘুমানোর পূর্বে অন্তত কিছু অংশ পড়া হয়।
আমরা যেহেতু বাইরের বইগুলো মূলত শখ করেই পড়ি, তাই "বই শেষ করার জন্য পড়তে হবে" - এ রকম লক্ষ্য ঠিক করে রাখা উচিত না, তাহলে বই পড়া কখনো শুরু করাই হবে না। প্রায় সবাই, এবং আমিও এ কারণে আটকে যাই। তাই মনোনিবেশ করতে হবে প্রতিদিন বই পড়ায়। প্রতিদিন পড়বেন, সেটা যে বই থেকেই হোক। কোনো বই যদি খুব ভালো হয়ে থাকে, কিছুদিনের মধ্যে আপনি সেখানে ডুবে যেতে বাধ্য।
বই পড়া হলো পালতোলা নৌকার মতো। আমাদের কাজ শুধু হাল ধরা, সামনে এগোনোর কাজ বই নিজে থেকেই করিয়ে নেবে।