হাজার বছর অপেক্ষা
কবিতাটা আমি কলেজ জীবনে লিখেছি। ছোট্ট এই কলেজ জীবন জুড়ে আমার বেশ সুন্দর সুন্দর কিছু স্মৃতি আছে। আমার ২০১৯ সাল জুড়ে আজিমপুরের স্মৃতি নিয়ে লেখা একটি কবিতা শেয়ার করেছি - নাম "হাজার বছর অপেক্ষা"।

জানালা থেকে আগে আকাশটা দেখা যেত। পুরোটা!
যেখানে আকাশের সূর্যটা দুপুরের ঘুমের বারোটা বাজাতো, আর রাত বারোটার সময় সঙ্গ দেওয়ার জন্য তারাগুলো বসে থাকতো আমার অপেক্ষায়।
তা দেখে চাঁদের মিষ্টি হাসির অন্ত থাকতো না।
বেশ কয়েক দিন হয়ে গেল;
কী যেন একটা নতুন কিছু আমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে।
দেখা হয় না, কথা হয় না, হলেও কাজের ফাঁকে ঐ ক্ষণিকের জন্য একবার চেয়ে দেখা মাত্র;
নাহ, ও আছে, সেই জানালার পাশেই।
শুধু, শুধু কেমন যেন একটা ছন্নছাড়া ভাব।
হয়তো বদলে গিয়েছে, আগে যেমনটা ছিল মোটেও তেমন নেই আর...
খানিকটা বিরক্ত হয় আকাশ।
কিন্তু হতাশা তাকে গ্রাস করে না, সে তো এসবের ঊর্ধ্বে।
তাই সে অপেক্ষা করতে থাকে;
সে জানে, আমি একদিন ঐ দেয়াল টপকাব, শুধু তার জন্য।
______
Home, Azimpur || 2019